ওই মেয়ে তুই--
ডঃ তাপস কুমার সরকার
ওই মেয়ে তুই মরিস কেন ঘুরে
কাঁধে নিয়ে বড় একটা ঝোলা ;
বাড়িতে তোর মা বুড়ি থুরথুরে
ট্রেনে তাই বেচিস বাদাম, ছোলা।
নদীর চরে রেললাইনের ধারে
অনাদরে ফোটা কাশের মতো,
জীবনটা তোর সাদা এক্কেবারে
মাথায় নিয়ে দায় দায়িত্ব যত।
তোকে যারা ভাবে একটা বোঝা
তাদের বোঝা বয়েই শুধু গেলি,
তোকে বোঝা নয়কো অত সোজা
ভাবেনি কেউ জীবনে কি' পেলি!
ওই মেয়ে তুই রং করেছিস চুলে
কেন রে তোর চুল তো ছিল ভালো
ঢাকতে সাদা তাইকি সখের ভুলে
চুল করেছিস ঘন আঁধার কালো?
জীবনটা তোর বৈশাখী পথ ধূধূ -
যে পথ পায়ে মাড়িয়ে চলে সবাই ;
বোঝেনা কেউ এই কথাটা শুধু
মনটাকে তোর বোঝার কেউ নাই।
লোকাল ট্রেনে বাদুড় ঝোলা ভিড়ে
জীবনটা তোর বাঁচে ওদেরই জন্য।
অনিশ্চিতের যাত্রী জীবন মীড়ে
ঝুঁকি না নিলেই বড় ঝুঁকি অন্য।
-----+++++++----------------++++++----
No comments:
Post a Comment