Saturday, 8 October 2022

কবিতা -- বৃষ্টি-বিভোর // বদরুদ্দোজা শেখু

কবিতা -- 

বৃষ্টি-বিভোর // বদরুদ্দোজা শেখু 
-------‐------------------------------

আজ সারা দিন বৃষ্টি এবং আজ সারাদিন ভিজি
বাতায়নের বৃষ্টি-ছাটে, ডাকছে হিজিবিজি
ভেজা শালিক কাক চুড়ুইয়ে-- ঝুপসি-হওয়া ডানা 
ওদের পানে তাকিয়ে থাকি হিতাহিত ডোমকানা,
তাড়াতাড়ি রাত্রি নামে ঘুমের দাওয়াই দাত্রী
উড়লো আমার ঘরছাড়া মন অচিনপুরের যাত্রী
জগৎ সংসারের মায়ায় ঘরের ছায়ায় শুয়ে
স্বপ্নে ভিজতে ভালোই বাসি লতার মতো নুয়ে,
নিশুতি হতেই ঘরবাড়ি সব নিথর প্রশান্ত
বৃষ্টির শব্দেরা শুধু জাগছে অবিশ্রান্ত
নিসর্গময় তন্ময়তায় শব্দময়তায়,
হারিয়ে যাই বিমগ্নতায় মৌন ভাবনায়
নিঃসঙ্গ, সারা অঙ্গ বিহঙ্গতুল হ'য়ে
ভিজে ঝুপসি চুপসি হওয়া  খোওয়াবের বলয়ে
স্বপ্নচয়ে  ভেজার ইচ্ছায় হচ্ছি তরুবর
সারা দিনরাত দাঁড়িয়ে ভিজি পরম নির্ভর 
পক্ষীকূলের প্রাণীকূলের ,ঝুলের বারান্দায়
কেউ যেন-বা মুখিয়ে ডাকে -- আয় বৃষ্টি আয়
বৃষ্টি ছুঁবে হাত বাড়িয়ে, নেবে স্পর্শ-সুখ,
কাঁপন-ধরা বিরহী বুকে জেগে উঠে উন্মুখ
আনন্দ আর বেদনার বোধ যৌথ যুগপৎ
তৃষার নদী শুকিয়ে মরে সেই বন্ধুবৎ !
ভালোবাসার পথগুলো যে সর্পিল সঙ্কুল
ভুলভুলাইয়া, অচেনা গহন গন্তব্য বেভুল--
চুল-চেরা ভুল ভেঙে দ্যায় মন-দর্পণ-দুনিয়া
সেই বেদনায় রাত্রি জেগে ভিজতে থাকে হিয়া,
ঝিঁঝিঁ পোকার মতন ভিজি , ভিজি মনের মধ্যে
মৌন বিধুর সুদূর কোথাও শান্তি খুঁজি' হদ্দে 
গদ্যে পদ্যে জীবন কাটাই কষ্টে ভালবাসায়
বৃষ্টি-বিভোর চোখ মুদে রই অজানা অপেক্ষায়।।

---------------------------------------

কবির নাম-- বদরুদ্দোজা শেখু 
ঠিকানা-- 18 নিরুপমা দেবী রোড ,  বাইলেন 12 ,
        শহর+পোঃ-  বহরমপুর ,   জেলা--মুর্শিদাবাদ, 
        PIN -742101
         পঃ বঙ্গ , ভারত ।  
        হো• অ্যাপ  নং +91 9609882748
       e-mail :  mdbadaruddoza@gmail.com
----------------------
কবি-পরিচিতি
-------------------

বদরুদ্দোজা শেখু-র জন্ম ১৯৫৫ সালে ফেব্রুয়ারীতে মুর্শিদাবাদ জেলার ঠাকুরপাড়া গ্রামে ।- - - -নেশায় কবিতা লেখালিখি। - - -বিভিন্ন পত্রিকাগোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।- -- - এছাড়া কবি তাঁর "আরো থোড়া দূর" কাব্যগ্রন্থের জন্য  "পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় স্মৃতি পুরষ্কার ২০২০" - অন্যতম "বিশেষ সেরা"  সম্মাননা পেয়েছেন।

তিনি কিছু কিছু অণুগল্প ও ছোটগল্পও লিখেন ।

-------------------------------

No comments:

Post a Comment

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...