কাগজ নগর--
হামিদুল ইসলাম
প্রতিদিন কাগজনগরে ফেরি করি কাগজ
ছোটোবড়ো রঙ বেরঙের কাগজ
কতো কগজ আসে
কতো কাগজ যায়
থেকে যায় কিছু কথা
স্মৃতি হয়ে ভিড় করে মনের ঠিকানায় ।।
গলিত সন্ধ্যা নামে কাগজনগরে
আঁধারের বুক চিরে তখনো হাজারো ব্যস্ত হাত
গুটায় সংসার
ওরা মাঝে মাঝে ভুলে যায় আনন্দ সুখ
ভুলে যায় বন্দীত্ব। জীবনের বিবর্ণতা ।।
ধূসর রোদে ভাসে সূর্য
নির্জন দুপুর নামে ঘাম রক্ত জলে
জীবনের পাঠশালা ভরে ওঠে সমূহ ব্যর্থতায়
পুড়ে যায় হৃদয়। জলছবি বারোমাস ।।
নষ্ট কুহকিনী সাম্রাজ্য গুটায়
মস্ত সে থাবা
রাতের স্বপ্ন ছিঁড়ে খায় রয়্যাল বেঙ্গল
ছায়া ছায়া কথা ব্যথা হয়ে জমে ওঠে কাগজনগর ।।
আজন্ম নতজানু
দহনক্লিষ্ট মন পোড়ে সারাদিন
পুড়ে পুড়ে অঙ্গার হয়ে ওঠে তামাটে মানুষ ।।
দুচোখের জলে ভাসে নক্সিকাঁথা
শুকিয়ে ওঠে রাত
বন্দরে বন্দরে আটকে যায় কাগজের নৌকো
কাগজনগর গিলে খায় দালালী হাত ।।
তবু শিরদাঁড়া উঁচিয়ে রাখে
ক'টা হাভাতে মানুষ
অবিরাম জীবন যুদ্ধ
যুদ্ধে অটল
তবু প্রতিদিন রক্তাক্ত কাগজনগর ।।
ঠা ঠা আগুন
আগুনে পোড়ে ভূখাপেটা মিছিল
মস্ত স্লোগান জীবন মরণ
তবু ইতিহাস রচনা করে সংগ্রামী দর্শন ।।
নৈঃশব্দে ফিরে আসে কথার কারিগর
তবু পুড়ে যায় কাগজনগর
তবু পুড়ে যায় ঈশ্বর ।।
_______________________________________________________
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর। মোঃ+হোঃ=8637316460।
_______________________________________________________
No comments:
Post a Comment