ঈশপ এবং আমি
কবিতার খাতা নিয়ে বসেছি, পড়েনি কেউ
নষ্ট হচ্ছে পান্তা ভাত। তাই-ই হোক তবে,
রক্ত মিশিয়ে বানাবো কাল্পনিক নদীর ঢেউ
সেই নদীতে তুমি স্নান করতে আসবে কবে?
তুমি চিনতে বলছো নিজেকে, পারছিনা আর
একে একে নাকে আজে মৃত্যুর তীব্র ঘ্রাণ
শ্রাবণের বৃষ্টি আমায় চিনে গেছে বারবার
বাকিদের মতোই করেনি কভু অসম্মান।
সেলাই করবো। দেহের অস্থিসজ্জা নিয়েছি।
আলপনা মাখব আরশিনগরের প্রতি কোণে,
লাল গোলাপে পেরেক পুঁতবো এবার ভেবেছি
একটা নাহয় অবৈধ প্রেম করে যাবো গোপনে।
নিজের দুঃখ বের করবো ভেবেছি জানালায়
একে একে দুই না তিন ভুলে গেছি মোটে,
মৎসমুখে এসে ভালো বলে যেও এই বেহায়ায়
এই পূণ্য শুনে যদি পরজন্মে ভালোবাসা জোটে...
হাতের রেখা থেকে বেয়ে চলে যায় জীবন,
একা একা অভিশাপ ভোগ করে অন্তর্যামী;
রাস্তা আমি, লাথি মারে লোকে রাত-দিন
তবু জ্বরের দীর্ঘায়ু কামনা করে যাই আমি।
নীতিকথা শোনাতে চায় ওরা আমাকে—শুনিনি।
সাড়া দেয়নি মৃত্যু হাজারবার ডাকার পর-ও;
দৌড়ে হেরে যাবার থেকে মরা ভালো—বুঝিনি
ঈশপ আমায় বোধ হয় ভালবাসেনি কখনও...
ঈশপ আমায় বোধ হয় ভালবাসেনি কখনও...
রাই
রাই! তুমি বলো—তোমার বুঝি সত্যি মন নেই,
কত-না লেখা যত সব চিঠি গল্প আর কবিতা
বন্যাকে যেসব কথা বলতে চেয়েছিল মিতা।
কত দেশ, কত রাজ্য, কত জেলা, সব ভুলে
পুরানো কষ্ট যতসব জমা ছিল—
দূর হতো: তোমাকে শুধুমাত্র একবার ছুঁলে।
রাই, একবার, শুধু একবার আমায় বলো
কিভাবে পাবো তোমায়? ঠিক কোথায় কবে?
আমি এই সব থেকে উঠতে শিখেছি সবে,
তুমি কি একবার, মাত্র একবার কথা বলবেনা
মুখোশের ভিড়ে আর কি আমার মুখ খুঁজবেনা
শান্তি চেয়েছি আমি: বদলে বদলেছো শবে।
যেভাবে মীরা চেয়েছিল। ভালোবাসতো
কিংবা দ্রৌপদীর প্রেম ছিল শুধু অর্জুন,
মজনুর ঠোঁটে লেগে ছিল লাল খুন,
তুমিও হতে পারো সত্যবতীর মতো।
তক্ষক যতই খেতে আসুক তোমায় রাই
অমরত্বের অভিশাপেও শুধু তোমাকে চাই।
পদ্মা নদীর মাঝি যদি হারিয়ে ফেলে দাঁড়,
আমি তখনও প্রভুভক্ত। তোমাকে ভাবি হাড়
অ্যাসিড আমি, চাই তোমায়, তুমি ক্ষার
মায়া ত্যাগ করতে চাই, তোমায় না
আমার জমিতে একবার ফেলে দেও সার
আমি ব্যর্থ ক্রেতা। তুমি ব্যবসায়ী দোকানদার।
মাঝে মাঝে ভাবি, ভুলে যাবো সব, ক্ষোভে
তবুও তোমায় চাই, যত আসুক নিশিডাক
আমি তো তোমার চিরকাল যোগ্য। তবে?
আমার মুখ ধীরে ধীরে হয়ে আসে ম্লান
তারপর জমা বাঁধে একের পর এক কাক
ভাবো আমি বোধহয় হারিয়েছি আত্মসম্মান।
এখন বুঝতে শিখেছি, তুমি আর আসবেনা
আমার সাথে মিটিয়ে নিয়েছ যা ছিল দেনা;
তোমার এখন নতুন ঘর, নতুন সংসার—
আমার কপালে এখন সংসারের দায়ভার,
আমার যা আবেগ ছিল দেখোনি তুমি কভু
শুধু মেপে গেছো কথা আর সময় দিয়ে,
আমি তোমায় ভাল..., একবার দেখো মিলিয়ে
যাই হোক। তোমায় যেনো ভালো রাখে প্রভু।
No comments:
Post a Comment