Sunday, 9 October 2022

সাবিত্রী দাসের কবিতা --

সাবিত্রী দাসের কবিতা -- 

বিলাপ--

অস্ফূট যামে ঘন নীল খামে আবদ্ধ যত সুখ,
জাগিয়ে তুলেছে মোচড়ানো ব্যথা তোমার মলিন মুখ ।

নিবিড় জীবনে সে কাব্যগাথা যেন এক অধ্যায়!
গভীর গোপন রম্যজীবন ভরে গেছে হতাশায়।

নির্বাসনের কঠোর যাপনে জীবন টালমাটাল ,
হতাশার ঝড়ে ছিন্ন ভিন্ন পুরুষ-যাপন কাল।

করেছি কতনা পুরুষ যাপন আগ্নেয় উণ্মুখে, 
কেঁপেছ গোপনে ক্ষণে ক্ষণে তাই তুমি প্রহরের সুখে।

অলকাপুরীর নির্জনতায় বিরহ বেদনা সুর
অদ্ভূত দাহ, বুক নিয়ে জ্বলো পিপাসায় ভরপুর।

রম্যপুরীর সুরম্য গৃহ অদ্ভূত নির্জনে, 
মলিন আঁধারে ম্রিয়মান শিখা আমার ব্যথার দানে।

এলোচুলে আর গাঁথো নাকো বেণী, করো নাকো কোন সাজ!
দীপ জ্বলা রাত হয়েছে বিগত লুটাও ভূমিতে আজ।

কঠোর-যাপনে গড়িয়ে চলেছে বিরহী ক্লান্তক্ষণ, 
ভ্রান্ত দিনের আশার ভরসা স্মৃতির রোমন্থন।

নিভৃতবাসের বিরহী যক্ষ ঈপ্সিত কামনায় ,
নবীন মেঘের রূপালী  হস্তে দিলাম লিপির দায়।


বাইশে শ্রাবণে


 হে কবি তোমার শোকের আবহে নির্বাক বিস্ময়ে, 
 অশ্রুবিহীন মগ্ন হৃদয় শৈত্য তাপের দহে।
 স্তব্ধ হৃদয়ে তিরতির কাঁপে  নিমজ্জনের ছায়া ,
অনন্ত সুখে বিমোহিত থেকো ভুলে সব মোহ মায়া ।
আজো দেখি তাই বাইশে শ্রাবণ শোক সভা প্রাঙ্গণে, 
 ভালোবাসা আর শ্রদ্ধা প্রবাহে ভেসে যাই প্রাণে মনে।
বাইশে শ্রাবণ একদিন নয় শত  প্রজন্ম ধরে,
 শোকার্ত এই হৃদয়ের মাঝে বহমান সরোবরে,
  স্ফূরিত-চিত্ত স্বর্ণকমল শ্রদ্ধা অর্ঘ্য মাখা,
আলোর দিশারী সাহিত্য পথে দেখাবে  যে পথ-রেখা।
             **********

1 comment:

  1. খুব সুন্দর হয়েছে কবিতাগুলি।

    ReplyDelete

কবিতা -- ফিরিয়ে দাও--সৌদামিনী শম্পা

কবিতা --  ফিরিয়ে দাও সৌদামিনী শম্পা  ছেড়ে এসেছি দিনগুলো অতীতের ছায়ামাখা পথে। শান্ত শীতল দিন, ঝড়হীন, দোলাচলহীন, বড় অমলীন সে ...